
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরের পানিতে ডুবে সাইরা মনি (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (৬ জুন) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার নারায়নহাট ইউনিয়নের শৈলকূপা এলাকার পরানপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। সাইরা মনি স্থানীয় আবুল বশর মেম্বার বাড়ির আব্দুল হালিমের মেয়ে।
স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, সকালে বাড়ির পাশের একটি দোকানসংলগ্ন এবাদতখানার পুকুরপাড়ে খেলছিল সাইরা। একপর্যায়ে সবার অগোচরে সে পুকুরে পড়ে যায়। দীর্ঘ সময় তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন।
পরে স্থানীয় লোকজন পুকুরে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করেন। দ্রুত হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নেওয়া হলেও ততক্ষণে তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নারায়নহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নাসির উদ্দিন জানান, খেলতে গিয়ে অসাবধানতাবশত সাইরা মনি পুকুরে পড়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় মরদেহ উদ্ধার করা হয়।
শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।